লালমনিরহাটের সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের একটি বাড়ির রান্নাঘরের মাটি খুঁড়ে অটোচালকের লাশ উদ্ধার করেছে র্যাব-পুলিশ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা গ্রামের মকলেছুর মাস্টারের বাড়ির রান্নাঘরের মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, চার মাস আগে কুলাঘাট একই এলাকার ইয়াকুব আলীর ছেলে অটোচালক আশরাফুল হক নিখোঁজ হন।
র্যাব-১৩ অধিনায়ক আরাফাত ইসলাম বলেন, ২৫ জুন লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চরখাটামারি এলাকার আশরাফুল নিখোঁজ হন। তাকে খুঁজতে লালমনিরহাট সদর থানা পুলিশ ও র্যাব-১৩-এর একটি দল তিন মাস কাজ করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন মনির হোসেনকে বুধবার (২৬ অক্টোবর) রাতে গাজীপুর থেকে আটক করা হয়। পরে রংপুর র্যাব-১৩ অফিসে তাকে নিয়ে আসা হয়।
র্যাবের এই কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে জানায়, অটোচালক আশরাফুলকে এক সহযোগীসহ হত্যার কথা স্বীকার করে। হত্যার পরে লাশ ভাড়া বাসার ঘরের মাটির নিচে পুঁতে রাখে। তার তথ্যমতে আশরাফুলের হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলার প্রস্তুতি চলছে।