নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘নির্বাচনে বড় ভূমিকা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। কারণ, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়া নির্বাচনের কোনও মানে নাই। তার সঙ্গে আরেকটি অংশ জড়িত; সেটি হলো ভোটার। ভোটার নাই তো নির্বাচনের প্রাণ নাই। আমি মনে করি নির্বাচনের প্রাণ হলো এই দুই অংশ।’
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার পাঁচটি আসনের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচন কমিশন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রস্তুত। শুধু কমিশন চাইলেই হবে না। সবারই দায়িত্ব রয়েছে। ভোটারদের উৎসাহিত করে ভোটকেন্দ্রে নিয়ে আসতে প্রার্থীদের ভূমিকা রাখতে হবে। এবার কমিশন ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য মাঠে নেমেছে।’
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচনের মাঠে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট স্বচ্ছ হচ্ছে কিনা অস্বচ্ছ হচ্ছে, এটা তুলে ধরার দায়িত্ব আপনাদের।’ অপপ্রচারে লিপ্ত না হয়ে বাস্তবসম্মত সংবাদ তুলে ধরার আহ্বান জানান তিনি।
রিটার্নিং কর্মকর্তা গাইবান্ধার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম প্রমুখ।