কুড়িগ্রামে বইছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় আচ্ছন্ন জনপদ

কুড়িগ্রামে তাপমাত্রা আরও কমে মৃদু শৈত্যপ্রবাহ ব‌য়ে যাচ্ছে। ঘন কুয়াশায় জবুথুবু হ‌য়ে পড়েছে জনজীবন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হ‌য়ে‌ছে ৯ ডিগ্রি সেলসিয়াস।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগা‌রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এ অবস্থা আরও দুয়েক‌দিন চল‌তে পা‌রে।

এদিকে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় জেলার বাসিন্দারা ভোগা‌ন্তি‌তে পড়েছেন। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় অনেকে কাজে বের হ‌তে পারেননি।

জেলা শহরের বকসি পাড়া গ্রামের দিনমজুর আমিনুল বলেন, ‘ঠান্ডাতে আইজ কাজ করবার যাই নাই। হাত ঠ্যাং শি‌স্টি নাগে। এদন ঠান্ডাত বেড়াইলে তো অসুখ হইবে।’