সরকারি চাকরিতে নিয়োগে কোটা প্রথা সংস্কারসহ চার দফা দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১টায় নগরীর প্রবেশদ্বার মডার্ন মোড় এলাকায় রংপুর-ঢাকাসহ রংপুর বিভাগের আট জেলার চলাচলের মহাসড়ক অবরোধ করেন তারা।
দু ঘণ্টাব্যাপী অবরোধ চলাকালে ওই আট জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় শত শত বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে। ফলে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
এ সময় সমাবেশে বক্তব্য দেন– শিক্ষার্থী আশফাক, সাজিদুলসহ অন্যরা। শিক্ষার্থীরা বলেন, ‘সরকার শিক্ষার্থীদের কর্মজীবন ধ্বংস করার জন্যই কোটা পদ্ধতি চালু করেছে। আমরা এ সিদ্ধান্ত মানি না।’ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তারা।
পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে মহাসড়ক থেকে সরে আসার আহ্বান জানালে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। তবে আগামীকাল মঙ্গলবারও মহাসড়ক অবরোধ চলবে বলে ঘোষণা দেওয়া হয়।