অজ্ঞান পার্টির খপ্পরে দুই ব্যবসায়ী, অচেতন অবস্থায় স্টেশনে ফেলে গেলো পুলিশ

নীলফামারী চিলাহাটি রেল স্টেশন থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া দুই যাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্টেশন মাস্টার রুহুল আমিন ও আরএনবি ইনচার্জ নেছারউজামান। সোমবার (৮ জুলাই) সকালে নীলফামারী জেলার চিলাহাটি রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দুই যাত্রী হলেন- রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জয়নাল আবেদীন ও সূর্য মন্ডল।

স্টেশন সূত্রে জানা গেছে, রাজবাড়ী পাংশার ওই দুই ব্যবসায়ী পেঁয়াজ কেনার উদ্দেশে পোড়াদহ রেল স্টেশন থেকে সীমান্ত আন্তঃনগর ট্রেনে করে ডোমারের উদ্দেশে রওনা দেন। এ সময় ট্রেনের ভেতর অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। এতে তাদের থেকে পাঁচ লাখ টাকা খোয়া যায়। জয়নাল আবেদীন ও সূর্য মন্ডল ট্রেনের ভেতর অচেতন অবস্থায় পড়ে থাকেন। ট্রেনটি চিলাহাটি স্টেশনে পৌঁছার পর নিরাপত্তার দায়িত্বে থাকা রেলওয়ে পুলিশ অচেতন অবস্থায় ওই দুই যাত্রীকে রেল স্টেশনের প্লাটফর্মে নামিয়ে রেখে চলে যান।

পরে চিলাহাটি রেল স্টেশনের মাস্টার রুহুল আমিন ও আরএনবির ইনচার্জ নেছারউজামান তাদের উদ্ধার করেন। সংবাদ পেয়ে তাদের ব্যবসায়ী পার্টনার জেলার ডোমার চিকনমাটি এলাকার আব্দুর রাজ্জাক ও আব্দুল সালাম ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় স্টেশন মাস্টার ওই দুই ব্যক্তির কোমরে থাকা ৫০ হাজার টাকাসহ তাদের (রাজ্জাক ও সালাম) মাধ্যমে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

ওই দিন ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা সৈয়দপুর জিআরপি থানার এএসআই জরিফুল ইসলাম বলেন, ট্রেনে ভেতর অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার কোনও ঘটনা আমরা জানি না। তাদেরকে চিলাহাটি স্টেশনে নামিয়ে দেওয়ার বিষয়ে আমরা কিছুই বলতে পারবো না।

ট্রেনের যাত্রী ও স্থানীয়রা অভিযোগ, ট্রেনের ভেতর অজ্ঞান অবস্থায় পড়ে থাকা দুই ব্যক্তিকে প্ল্যাটফর্মে নামিয়ে দেওয়ার বিষয়ে রেলওয়ের পুলিশ কিছুই জানে না। এটা কীভাবে সম্ভব। তাহলে ট্রেনের ভেতর পুলিশ কী কাজে ব্যস্ত থাকেন? প্রতিদিন টেনের বগিতে যাত্রী তুলে তাদের কাছ থেকে ভাড়া আদায় কাজে ব্যস্ত থাকেন। এটাই যদি রেল পুলিশের কাজ হয়ে থাকে তাহলে ট্রেনের যাত্রীদের নিরাপত্তা কে দেবে?

চিলাহাটি স্টেশন মাস্টার রুহুল আমিন বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক। ভবিষ্যতে এরকম আর কোনও ঘটনা না ঘটে তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।