‘সুপরিকল্পিতভাবে মেট্রোরেল, সেতু ভবনে আগুন দিয়েছে’

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, ‘উন্নয়নকে ব্যাহত করার জন্য বাংলাদেশকে একটি অকার্যকর ও জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপি-জামায়াত গত কিছুদিন ধরে বাংলাদেশে নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি করেছে। অরাজকতা ও সন্ত্রাস সৃষ্টি করেছে। নাগরিক জীবনকে বিপন্ন করেছে। বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য মেট্রোরেল, সেতু ভবনে আগুন দিয়েছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে।’

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দিনাজপুর জেলা আওয়ামী লীগ, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুরে স্থান শনিবার (২৭ জুলাই) পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইকবালুর রহিম বলেন, ‘কোনও বিভ্রান্তিতে কান দেবেন না। নানানরকম বিভ্রান্তি সৃষ্টি করে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। সত্য, সঠিক তথ্য জনগণের সঙ্গে তুলে ধরুন। যে নারকীয় নৈরাজ্য বাংলাদেশে তৈরি করেছে, দেশকে একটি অকার্যকর ও জঙ্গি রাষ্ট্র বানানোর পাঁয়তারা করছে। তার বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ভাঙচুর করেছে, অনেকেই আহত হয়েছে। সন্ত্রাসী ও নৈরাজ্যকারীরা যারা এটি করেছে, তারা যতই শক্তিশালী হোক না কেন আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের কাউকেও ছাড় দেওয়া হবে না।’