ঢাকা মেডিক্যালের ঘটনায়

নিজেকে নির্দোষ দাবি সঞ্জয়ের, বললেন ‘চিকিৎসকদের ওপর কোনও হামলা হয়নি’

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকদের ওপর হামলা-মামলার ঘটনায় গাইবান্ধা থেকে সঞ্জয় পাল জয় নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) ভোররাত পৌনে ৫টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে জেলা শহরের রেলগেট এলাকা থেকে গ্রেফতার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) মো. মোশাররফ হোসেন।

গ্রেফতার সঞ্জয় পাল জয়ের বাসা গাইবান্ধা সদর উপজেলা শহরের সরকারপাড়া এলাকায়। তিনি ওই এলাকার রনজিৎ কুমারের ছেলে। ঢাকার ওয়্যারলেস রেলগেট এলাকার একটি ভাড়া বাসায় থেকে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়েন জয়।

এসপি মো. মোশাররফ হোসেন জানান, ঢাকা থেকে একটি বাসে করে ভোররাতে গাইবান্ধায় আসেন জয়। পরে তাকে রেলগেট এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জয়কে সদর থানায় রাখা হয়েছে। ঢাকা থেকে পুলিশের একটি টিম এসে জয়কে নিয়ে যাবে। জয়কে গ্রেফতারের বিষয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

এদিকে, গ্রেফতারের পর থানা হাজতে থাকা সঞ্জয় পাল নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ‘ওই দিন ঢাকা মেডিক্যালে চিকিৎসকদের ওপর কোনও হামলা হয়নি।’ এ সময় তিনি ন্যায়বিচার দাবি করেন।

প্রসঙ্গত, এর আগে গত শনিবার (৩০ আগস্ট) রাতে ঢামেকে চিকিৎসকে মারধরের ঘটনায় গতকাল রবিবার ছিল দিনভর উত্তেজনা। হামলাকারীদের গ্রেফতার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে গতকাল রবিবার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ (কর্মবিরতি) পালন করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকরা। যদিও পরে সন্ধ্যায় কর্মবিরতি কর্মসূচি তুলে নিয়ে কাজে যোগ দেন চিকিৎসকরা।

চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়। ঢাকা মেডিক্যালের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।