‘দাম না কমলে গরিব মানুষ ডিম খেতে পারবে না’

সরকার খুচরা পর্যায়ে প্রতি হালি ডিমের দাম ৪৮ টাকা নির্ধারণ করলেও দিনাজপুরের হাকিমপুরের হিলিতে কোথাও সেই দামে মিলছে না পণ্যটি। নির্ধারিত দামের চেয়ে সাত টাকা বাড়তিতে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। নির্ধারিত দামে ডিম না পাওয়ায় ক্ষোভ ক্রেতাদের।

হিলি বাজারে ডিম কিনতে আসা আব্দুস সালাম বলেন, আজকে বাজার থেকে এক হালি ডিম কিনলাম ৫৫ টাকা দিয়ে। অথচ সরকার ঘোষণা দিয়েছিল, বুধবার থেকে প্রতি হালি ডিম বিক্রি হবে ৪৮ টাকা দরে। কিন্তু সেই মূল্যে তো কিনতে পারছি না।

ডিম কিনতে আসা আশরাফুল ইসলাম বলেন, এভাবে দাম বাড়লে আমরা গরিব মানুষ খাবো কীভাবে। শুধু ঘোষণা দিয়েই সরকারের দায়িত্ব শেষ, সেই দামে সেটি পাওয়া যাচ্ছে কি না সেটি দেখবে না? আমরা যেন সরকার ঘোষিত ৪৮ টাকা হালি দরে ডিম কিনতে পারি- সেই ব্যবস্থা গ্রহণ করুক।

ডিম কিনতে আসা নাসিমা বেগম বলেন, দামটা যদি কমে তবেই গরিব মানুষ ডিম খেতে পারবে- তাছাড়া তো খেতে পারবে না।

হিলি বাজারের ডিম বিক্রেতা সুলতান মাহমুদ বলেন, সরকার নির্ধারিত দামে ডিম আমরা কিনতেই পারছি না- তো নির্ধারিত দামে বিক্রি করবো কীভাবে? সরকার রেট নির্ধারণ করে দিছে ভালো কথা কিন্তু সেই মোতাবেক যদি দেশে ডিম থাকতো তাহলে দাম কমতো। কিন্তু বর্তমানে দেশে তো ডিমের সংকট। সরকার চাইলেই তো ওই দামে ডিম দিতে পারছে না আমাদেরকে। বর্তমানে ডিমের চাহিদা প্রচুর। আমাদের এই অঞ্চলে ডিম আসে রংপুর থেকে সেখান থেকেই আমাদের কম দিচ্ছে। যেখানে আগে প্রতিদিন দুই ট্রাক করে ডিম দিতো- এখন দিচ্ছে এক ট্রাক করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিতভাবে আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করছি। কেউ যেন অহেতুক কোনও কারসাজির মাধ্যমে দাম বাড়াতে না পারে সেটি দেখছি।