অবৈধপথে পঞ্চগড় সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে সীমান্ত এলাকা থেকে ৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে পঞ্চগড় জেলার সদর উপজেলার হরিভাষা ইউনিয়নের ঘাগড়া বিওপির গোয়ালপাড়া সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ডাবরী জিনেস্বরী গ্রামের ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে গণেশ রায় (৪৩), তার স্ত্রী ববিতা রায় (৩৬), তাদের ছেলে (১০), মাহানপুর গ্রামের ভুট্ট রায়ের ছেলে দেবেন্দ্র রায় (২২), জতমুকুন্দুপর গ্রামের ফনি রায়ের ছেলে জয়ন্ত রায় (১৯) এবং মাহানপুর গ্রামের রাজেন্দ্রনাথ রায়ের ছেলে রিপন রায় (১৯)।
জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে দিনাজপুর জেলার দালাল চক্রকে নগদ ১ লাখ টাকা দিয়ে তারা সীমান্তবর্তী এলাকায় এসেছেন। এ ঘটনায় দালাল চক্রকে আটকের চেষ্টা চলছে বলে জানায় বিজিবি।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সীমান্তে অনুপ্রবেশকারীদের প্রতিরোধ ও আইনের আওতায় আনতে সদা তৎপর রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পঞ্চগড় জেলা সদরের হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ গোয়ালপাড়া সীমান্তের ৭৪৯ মেইন পিলারের ২০ সাব-টিলার এলাকার গোয়ালপাড়া দিয়ে রাতে বাংলাদেশি কয়েকজন নাগরিক অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘাগড়া বিওপির আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৬ বাংলাদেশিকে আটক করে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘বিজিবি সদর দফতরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ কল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। একই সঙ্গে দালাল চক্রের সদস্যদের আটকের চেষ্টা চলছে। যেকোনও মূল্যে অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতে সদা প্রস্তুত। আটকদের আইনের আওতায় আনতে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’