আঞ্চলিক বৈষম্য নিরসন ও উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা পরিষদে সদস্য অন্তর্ভুক্তিসহ তিন দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করা হয়েছে।
‘উত্তরবঙ্গের সাধারণ ছাত্র-জনতা’ ব্যানারে মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে পলাশবাড়ী উপজেলা শহরের চৌমাথা মোড় থেকে বিক্ষোভ শুরু হয়। এতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষজন অংশ নেন। পরে মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেয় ছাত্র-জনতা। মিছিলটি রংপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে চৌমাথা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি কাফি, জীম, সদস্য সরোয়ার, মাহমুদ, মোক্তাদির, মেহেদী, সিয়াম ও মাসুদ রানা প্রমুখ।
সমাবেশে কাফি বলেন, ‘ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ। কিন্তু বারবার বৈষম্যের শিকার হয়েছে রংপুর বিভাগ। উন্নয়ন থেকেও পিছিয়ে পড়েছে বিভাগীয় শহরসহ বিভিন্ন জেলা। শুধু তাই নয়, বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদে নেই উত্তরবঙ্গ তথা রংপুর বিভাগের কেউ। এজন্য ফ্যাসিবাদী শেখ হাসিনার দোসর ও দালালদের সদস্য করায় তীব্র প্রতিবাদ জানিয়ে তাদের অপসারণের দাবি জানাচ্ছি।’
সমাবেশ থেকে সব ধরনের বৈষম্য বন্ধ করে রংপুর ও রাজশাহী বিভাগ থেকে চার জনকে উপদেষ্টা পরিষদের সদস্য করার পাশাপাশি তিন দফা দাবি দাবি জানানো হয়। ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে রংপুর-ঢাকা মহাসড়ক ছাড়াও সব সড়কে যান চলাচল বন্ধসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।