কেশুর ও মিষ্টি আলুর কেজি ৫০০ টাকা

কেশুর ও মিষ্টি আলুর মৌসুম শুরু হতে আরও কিছুটা সময় বাকি রয়েছে। কিন্তু খানিকটা আগেভাগেই দিনাজপুর হাকিমপুরের হিলিতে বাজারে উঠতে শুরু করেছে অসময়ের কেশুর ও মিষ্টি আলু। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজি দরে। নবান্ন উৎসবকে ঘিরে সনাতন ধর্মের কেউ কেউ কিনলেও অনেকে দাম শুনেই ফিরে যাচ্ছেন।

শনিবার (১৭ নভেম্বর) হিলির বাজার ঘুরে দেখা গেছে, দুধহাটির নেপালের দোকানে শোভা পাচ্ছে অসময়ের কেশুর ও মিষ্টি আলু। আর কোনও দোকানে এটি দেখা যায়নি।

হিলি বাজারে আসা অনুপ বসাক বলেন, আগামীকাল রবিবার নবান্ন উৎসব- এটিকে ঘিরে আমাদের পূজা অনুষ্ঠিত হবে। যাতে নতুন নতুন যেসব ফল উঠছে সেগুলো সেই পূজার অনুষঙ্গ হিসেবে প্রয়োজন হয়। সেই কারণে এই অসময়ের কেশুর ও মিষ্টি আলু কিনতে এসেছি। তবে গতবারের চেয়ে দামটা এবার একটু বেশি- ৫০০ টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। তারপরও দুটো মিলে আড়াইশো গ্রাম কিনলাম- যেহেতু পূজায় লাগবে, বাধ্য হয়ে কিনতে হচ্ছে।

হিলি বাজারে ফল কিনতে আসা বিমল চন্দ্র বলেন, রবিবার নবান্ন উৎসব, সে কারণে বিভিন্ন নতুন ফলমূল লাগে। কিন্তু যে দাম ৫০০ টাকা কেজি, তাতে কেনা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে ফিরে যাচ্ছি, বিকল্প হিসেবে অন্য ফল কিনে পূজা পার করতে হবে। এ ছাড়া উপায় নেই।

বিক্রেতা নেপাল চন্দ্র বলেন, আগামীকাল নবান্ন উৎসব, এই উৎসবকে ঘিরে সনাতন ধর্মের মানুষজন নতুন নতুন যেসব ফল উঠছে সেগুলো কেনেন পূজার জন্য। তাদের সেই চাহিদাকে ঘিরে আমাদের এই এলাকায় না উঠলেও দিনাজপুর থেকে সামান্য কিছু কেশুর ও মিষ্টি আলু সংগ্রহ করে নিয়ে আসছি বিক্রির জন্য। প্রতি কেজি আমাদের কিনতেই পড়েছে ৩৫০ টাকার ওপর- এর সঙ্গে পরিবহন খরচ ও নষ্ট মিলিয়ে প্রতি কেজি বিক্রি করছি ৫০০ টাকা দরে। পূজার অনুষঙ্গ হিসেবে দাম বাড়তি হলেও অল্প করে হলেও কিনছেন অনেকে।