মননশীল মানুষ গড়ে তুলতে সংস্কৃতিচর্চার বিকল্প নেই: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সৃজনশীল ও মননশীল চিন্তা চেতনার মানুষ গড়ে তুলতে হলে সংস্কৃতিচর্চার কোনও বিকল্প নেই।

তিনি শনিবার রাতে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমীতে ভূমিজ নাট্য সংগঠন আয়োজিত ১০ দিনব্যাপী জাতীয় নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সংস্কৃতিচর্চা করে মানবিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে মুক্তমনা জাতি গঠনের মাধ্যমে এক সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আর এর মাধ্যমেই সমাজ ও দেশের পরিবর্তন আনতে হবে।

তিনি সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গঠনে দেশকে সফল জাতি হিসেবে গড়ে তুলতে সংস্কৃতিচর্চার আহবান জানান।

মন্ত্রী এর আগে শিল্পকলা একাডেমী চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে প্রধান অতিথি বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। পরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। 

নাট্য উৎসবের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান,  সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম আকতারী মোমতাজ, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল, পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রকল্পের (এটুআই) জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ শহীদ উজজ্জামান প্রমুখ বক্তৃতা করেন।

আলোচনা শেষে মন্ত্রী নূরলদিনের সারাজীবন নাটকের মুখাংশ থেকে ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতাটি আবৃত্তি করেন। এসময় উপস্থিত দর্শকবৃন্দ করতালির মাধ্যমে মন্ত্রীকে শুভেচ্ছা জানান।

জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমী সহযোগিতা ‘নাটকের আনন্দে কহে প্রান্তজন, নাটক হোক উন্নয়নের বাহন’ এই স্লোগান নিয়ে ১০ দিনব্যাপী এই উৎসবে স্থানীয় দুটিসহ দেশের নয়টি নাট্য সংগঠন অংশ নিচ্ছে।

সংগঠনগুলো হচ্ছে ঢাকার কিচ্ছাকাহিনী, শব্দ নাট্য চর্চা কেন্দ্র, রংপুর নাট্য কেন্দ্র, কুড়িগ্রামের প্রচ্ছদ, দিনাজপুরের নাট্য সমিতি, আমাদের থিয়েটার, শিল্পনাট, পঞ্চগড়ের জেলা নাট্য সমিতি ও ভূমিজ।

উদ্বোধনী দিনে ভূমিজ নাট্য সংগঠন ‘পাখিদের বৈঠক’ নাটক মঞ্চস্থ করেন। ভূমিজের নির্বাহী পরিচালক সরকার হায়দার নাটকটির রচনা ও নির্দেশনা করেন।

আজ রবিবার বিকেলে ‘নাটকের ইতিহাস ও ক্রম বির্বতনের গতি প্রকৃতি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক শাহমান মৈশান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। সন্ধ্যায় দিনাজপুর শিল্পনাটের নাটক ‘স্বপ্ন ভঙ্গের রঙ্গমঞ্চ’ মঞ্চায়িত হবে। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সম্বিত সাহা সেতু।

 

/টিএন/