বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বেরোবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে রংপুর মেট্রোপলিটন আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই রংপুরের পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন।
এর আগে বৃহস্পতিবার বিকালে আসামি ইমরান চৌধুরী আকাশকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জাকির হোসেন। বিচারক শুনানি শেষে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে কঠোর পুলিশি পাহারায় পিবিআই কার্যালয়ে নেওয়া হয়।
পিবিআই জানায়, গত ১৫ ফেব্রুয়ারি আকাশকে জামালপুরের ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে পালিয়ে সেখানে আত্মগোপন করে ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে জামালপুর পুলিশ তাকে গ্রেফতার করে।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই রংপুরের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেন, ‘আমরা চার দিনের রিমান্ড চেয়েছিলাম। আদালত তিন দিন মঞ্জুর করেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আন্দোলন দমন করতে এবং আবু সাঈদ হত্যার দিন আকাশ অস্ত্র নিয়ে মাঠে আন্দোলনকারীদের প্রতিহত করতে নেতৃত্ব দিয়েছিলেন। এ ধরনের বেশ কিছু ভিডিও ও স্টিল ছবি আমাদের কাছে। জিজ্ঞাসাবাদে ওই ঘটনার ভেতরের অনেক কিছুই আরও জানতে পারবো বলে মনে করছি। নিয়ম মেনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। ওই ঘটনায় তার বড় ভাই রমজান আলী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলাটি পিবিআই তদন্ত করছে। এ ছাড়াও মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও অনুসন্ধানের তালিকায় আছে।