নীলফামারীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো দুই ভাইয়ের

নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের পশ্চিম কুচিয়ার মোড় শেখ জামে মসজিদ এলাকায় ডাম্প ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকায় ঘটনাটি ঘটেছে। 

নিহতরা হলেন- সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় দোলাপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে সিহাব হোসেন (১৯) ও সোয়াদ হোসেন (২০)।

এ ঘটনায় আহত হয় অপর এক পথচারী। তার নাম মোহাম্মদ হোসেন (১০)। সে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, সৈয়দপুর থেকে নীলফামারীগামী অজ্ঞাত একটি ডাম্প ট্রাক ওই স্থানে তিন পথচারীকে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে দুই ভাই মারা যান।

নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান জানান, মঙ্গলবার রাতে পশ্চিম কুচিয়ার মোড় শেখ জামে মসজিদ এলাকায় ডাম্প ট্রাকের ধাক্কায় আপন দুই ভাই নিহত হয়েছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে। তবে নিহতের পরিবারের পক্ষে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।