বাড়িতে ড্রামে রাখা ডিজেলে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ড্রামে সংরক্ষণ করা ডিজেলে ডুবে আরাফ মিয়া (২) নামের এক শিশু মারা গেছে। বুধবার ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরাফ মিয়া সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে। এর আগে মঙ্গলবার বিকালে ড্রামে রাখা ডিজেলে ডুবে অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়। 

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান জানান, বাবু মিয়ার একটি ট্রাক্টর আছে। সেই ট্রাক্টরের ডিজেলের ট্যাংক ফুটো হয়ে গেছে। ট্যাংক মেরামতের জন্য মেকানিকের কাছে পাঠানো হয়। সেজন্য ট্যাংকে থাকা সব ডিজেল বাড়ির বারান্দায় একটি কাটা ড্রামে সংরক্ষণ করে রাখা হয়। ড্রামে প্রায় ৫০ লিটার ডিজেল ছিল, ঢাকনা ছিল না। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে শিশু আরাফ পরিবারের অগোচরে হঠাৎ ডিজেলের ড্রামে পড়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।