ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে স্থানীয় জনতা তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে। আটক সাব্বির বিন শামস লন্ডন হাইকমিশনের সাবেক মিনিস্টার এবং গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) সাবেক নির্বাহী পরিচালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ভারত থেকে অবৈধ পথ ব্যবহার করে দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন সাব্বির বিন শামস। এই সময় সীমান্তে তার ঘোরাঘুরি ও চলাফেরা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এলাকাবাসী তাকে আটকে রেখে পাটগ্রাম থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তীতে তাকে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে স্থানান্তর করা হয়।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শনিবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকের সময় সাব্বির বিন শামসের তল্লাশি চালিয়ে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাব্বির বিন শামস অত্যন্ত প্রভাবশালী দলীয় থিংক ট্যাংক সিআরআই-এর নির্বাহী পরিচালক হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে তিনি চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) এবং যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন, লন্ডনে মিনিস্টার (প্রেস-রাজনৈতিক) পদেও দায়িত্ব সামলান। গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং একপর্যায়ে অবৈধভাবে ভারতে পাড়ি জমিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সুপার মো. আসাদুজ্জামান আরও জানান, আটক সাব্বির বিন শামসকে ডিবি কার্যালয়ে রেখে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অবৈধ সীমান্ত পারাপার এবং অন্যান্য অপরাধের বিষয় খতিয়ে দেখে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।