কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণে কেজিতে ভাড়া ৫ টাকা নির্ধারণ করার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে রংপুর নগরীর নবদীগঞ্জে রংপুর-লালমনিরহাট-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তারা। শনিবারের মধ্যে দাবি মানা না হলে রবিবার রংপুরের সব কোল্ড স্টোরেজে কেজিতে ৫ টাকা দিয়ে আলু নিজেরাই নিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন চাষিরা।
এর আগে রংপুরের বিভিন্ন এলাকা থেকে শত শত আলু চাষি ও ব্যাবসায়ী নগরীর নবদীগঞ্জ এলাকায় রংপুর-লালমনিরহাট-কুড়িগ্রাম মহাসড়ক কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করেন। এ সময় মহাসড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সমাবেশে আলু চাষি নেতারা বলেন, কৃষি বিভাগ কোল্ড স্টোরেজে প্রতি কেজি আলু সংরক্ষণ করতে ৩ টাকা ৪৩ পয়সা ব্যয় হয় বলে প্রতিবেদন দিয়েছে। অথচ কোল্ড স্টোরেজ মালিকরা ৭ টাকার নিচে আলু বের করতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন। এ অবস্থায় শনিবারের মধ্যে দাবি মানা না হলে আমরা নিজেরাই কোল্ড স্টোরেজে গিয়ে আলু বের করে আনবো। এ জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে এর দায় আমরা নেবো না। দু’ঘণ্টা পর চাষিরা অবরোধ তুলে নেন।