ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির ভাইসহ মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির দুই নেতা, কারণ কী

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভূল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির পক্ষে দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা। তারা দুজনসহ ছয় জন মনোনয়ন দাখিল করেছেন। তবে মনোনয়নপত্র বাছাইয়ে প্রার্থী বাদ পড়ার ঝুঁকি বিবেচনায় বিএনপির পক্ষে দুই জনের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপির দুই প্রার্থী হলেন- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ। তাদের মধ্যে একজনকে চূড়ান্তভাবে মনোনয়ন দেবে বিএনপি। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন মির্জা ফয়সল আমিন। এ সময় জেলা বিএনপির সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. নূর করিম চৌধুরী, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মির্জা ফয়সল আমিন বলেন, ‘আমার প্রত্যাশা মূলত এই ঠাকুরগাঁওকে নিয়ে। আমার একটা স্বপ্ন আছে, আমাদের সবারই একটা স্বপ্ন আছে। সেই স্বপ্নগুলো আমরা পূরণ করতে চাই।’

মির্জা ফয়সল বলেন, ‘আমরা দেখতে চাই ঠাকুরগাঁও একটা অসাধারণ সুন্দর, বসবাসযোগ্য জনপদ হিসেবে প্রস্ফুটিত হবে। এখানে মানুষ শান্তিতে বসবাস করবে, বেকারদের কর্মসংস্থান হবে। মানুষে মানুষে কোনও ভেদাভেদ ও বৈষম্য থাকবে না। আমরা সেই স্বপ্ন দেখি। সেই স্বপ্ন পূরণের জন্য যে কাজগুলো করা দরকার, সেগুলোই আমরা করতে চাই।’

এদিকে দুপুর ১টার দিকে জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ। তিনি বলেন, ‌‘দল দুজনকেই মনোনয়নপত্র জমা দিতে নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে। সেই নির্দেশনা মেনেই মনোনয়নপত্র জমা দিয়েছি। এরপর প্রার্থীর নাম চূড়ান্ত করে আবার চিঠি আসবে। যার নামে চিঠি আসবে, তিনিই দলীয় প্রার্থী হবেন।’

জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আসনটিতে মির্জা ফয়সল আমিন, ওবায়দুল্লাহ মাসুদ ছাড়া ১১-দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী ও বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, দলীয় প্রতীক বরাদ্দের বিষয়ে কেন্দ্র থেকে নির্বাচন কর্মকর্তার কাছে চিঠি দেওয়া হবে। বিএনপি যাকে ধানের শীষ প্রতীক দেবে তার পক্ষেই তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করবেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় জন প্রার্থীই মনোনয়নপত্র দাখিল করেছেন। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সবার সহযোগিতা কামনা করছি আমরা। সবাই মিলে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন করতে চাই।’

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর।

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসনটি ঠাকুরগাঁও সদর, নব গঠিত রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত। আর এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এই আসনে ১৮৫ টি ভোটকেন্দ্রের ৯৮৯ টি বুথ বা ভোটকক্ষে ভোট প্রদান করবেন ভোটাররা।