চট্টগ্রামের খাতুনগঞ্জে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়ে লাঠিসোঁটা নিয়ে বিএনপির এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে খাতুনগঞ্জে এমইবি গ্রুপ অব কোম্পানিজের (ইলিয়াস ব্রাদার্স) কার্যালয়ে লাঠিসোঁটা নিয়ে একদল যুবক এ হামলা চালায়।
এটি বিএনপি নেতা মো. শামসুল আলমের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। বিএনপির নেতা মো. শামসুল আলম এ ঘটনায় জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করেছেন।
তিনি বলেন, ‘খাতুনগঞ্জ বাংলাদেশের ব্যবসার প্রাণকেন্দ্র। আমাদের প্রতিষ্ঠানটি ঐতিহ্যবাহী। এখানে আগে কখনও এমন ঘটনা ঘটেনি। এমন হবে তা কখনও কল্পনাও করতে পারিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরাই এই হামলা চালিয়েছে, আমি দায়ীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’
স্থানীয় লোকজন জানান, কয়েকজন যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে লাঠিসোঁটা নিয়ে ইলিয়াস ব্রাদার্সের কার্যালয়ের দরজার আয়না ভাঙচুর করে। এ সময় আশপাশের ব্যবসায়ী ও শ্রমিকরা তাদের ধাওয়া করেন।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতারা। এ সময় দলের সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, খাতুনগঞ্জসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘর রয়েছে। এভাবে ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা-ভাঙচুর চালিয়ে কেউ রাজনীতি করার চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে আমাদের।’
চট্টগ্রামের শিল্পপ্রতিষ্ঠান এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামসুল ২০০৮ সালে বিএনপির রাজনীতিতে জড়ান। ওই বছর নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-৯ আসনে চারদলীয় জোটের প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। নির্বাচনে তিনি আওয়ামী লীগ নেতা ও সানোয়ারা গ্রুপের কর্ণধার নুরুল ইসলাম বিএসসির কাছে পরাজিত হন।