ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশীর মধ্যে ওবায়দুল্লাহ মাসুদ দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য জানিয়ে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর ফলে আগামী ২৯ অক্টোবরের উপনির্বাচনে এ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা বিএনপির সভাপতি ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন।

রবিবার (০৪ অক্টোবর) জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেন ওবায়দুল্লাহ মাসুদ। সোমবার (০৫ অক্টোবর) দুপুরে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, ‘ছাত্রজীবনের শুরু থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি এবং দলের আদর্শ থেকে কখনও বিচ্যুত হইনি। এখন দলীয় প্রার্থী মির্জা ফয়সল আমিনকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে কাজ করবো।’

ঠাকুরগাঁও-১ আসনটি সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত। এ আসনে উপনির্বাচনে অংশ নিতে মোট ছয় জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে বিএনপির দুই প্রার্থী ছাড়াও চার জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন ১১-দলীয় ঐক্যের প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। অন্য কোনও প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করলে আগামী ২৯ অক্টোবর পাঁচ জন প্রার্থী উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ছিলেন। গত ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরদিন ২২ আগস্ট আসনটি শূন্য ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন গত ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আগামী মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন। প্রচারণা চলবে ২৭ অক্টোবর সকাল পর্যন্ত।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে বিএনপির প্রার্থী হিসেবে এখন মির্জা ফয়সল আমিনই রয়েছেন। ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ৮ অক্টোবর নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে।’