ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় গার্ডকে পেটালেন যাত্রীরা

রংপুরের বদরগঞ্জ রেল স্টেশনের কাছে পার্বতীপুরগামী আন্তঃনগর ট্রেন দোলনচাঁপার দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর দিনাজপুরের মধ্যে ট্রেনচলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শনিবার (২৪ অক্টোবর) বিকাল ৫টা ১৬ মিনিটে এ ঘটনা ঘটে।

বদরগঞ্জ রেল স্টেশনের মাস্টার ইমরুল কায়েস জানান, শনিবার বিকাল ৫টা ১৬ মিনিটে রংপুর থেকে পার্বতীপুরগামী আন্তঃনগর ট্রেন দোলনচাঁপা বদরগঞ্জ রেল স্টেশনের কাছেই দুটি বগি লাইন চ্যুত হয়ে পড়ে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ যাত্রীরা ট্রেনের চালককে না পেয়ে গার্ডকে মারধর করেন। খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে গার্ডকে উদ্ধার করে। এ ঘটনার পর রংপুর দিনাজপুর রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বদরগঞ্জ রেল স্টেশনের মাস্টার জানান, লালমনিরহাট বিভাগীয় কার্যালয়ে বিষয়টি জানানো হলে সেখান থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। উদ্ধারকারী ট্রেন এলেই লাইনচ্যুত বগি উদ্ধার করে ট্রেন চলাচল যত দ্রুত সম্ভব সচল করার চেষ্টা করা হচ্ছে।

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।