লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ধান কাটতে যাওয়া বাংলাদেশি কৃষকদের বাধা দেওয়াকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটে। বিএসএফ সদস্যরা স্মোক গ্রেনেড নিক্ষেপ করেন। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার আগে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭/৪-এস পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, বিএসএফ সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১০০ গজ প্রবেশ করেন। এ সময় তারা কৃষকদের মারধরের চেষ্টা করলে স্থানীয় বাংলাদেশিরা একত্রিত হয়ে লাঠিসোঁটা নিয়ে তাদের প্রতিরোধ করেন। একপর্যায়ে বিএসএফ সদস্যদের ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
বুড়িমারী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের বাংলাদেশিরা ধান কাটতে গিয়েছিল। বিএসএফ বাধা দেয়। পরে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে। বিএসএফ ককটেল বিস্ফোরণ ঘটায়।’
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিজিবির বরাত দিয়ে বাংলা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
বিজিবির ৬১ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিস্থিতি বর্তমানে শান্ত। আমাদের টহল দল সেখানে গিয়েছিল। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নালার পানিতে বিএসএফ স্মোক গ্রেনেড নিক্ষেপ করেছে।’