দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে নীলফামারীর ১২টি কলেজ থেকে কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি। জেলার সার্বিক পাসের হারও ৫০ শতাংশের নিচে। তবে খারাপ ফলের মধ্যেও ব্যতিক্রমী সাফল্য দেখিয়েছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল অনুযায়ী, নীলফামারী জেলায় মোট ১৩ হাজার ৫৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ হাজার ৭৭৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫৬১ জন। জেলায় পাসের হার ৪৯ দশমিক ৯২ শতাংশ।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বোরহান উদ্দিন জানান, নীলফামারী সদর, ডোমার, ডিমলা, কিশোরগঞ্জ ও জলঢাকা উপজেলার মোট ১২টি কলেজ থেকে অংশ নেওয়া কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। এসব প্রতিষ্ঠানের শতভাগ অকৃতকার্য হওয়ার ঘটনা জেলার শিক্ষার মান ও প্রতিষ্ঠানগুলোর তদারকি নিয়ে প্রশ্ন তুলেছে।
তবে জেলার মধ্যে সেরা ফল করেছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৩২৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৩২৬ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৫৭ জন। কলেজটির পাসের হার ৯৯ দশমিক ৩৯ শতাংশ।
অন্যদিকে, নীলফামারী সরকারি কলেজের ফলও তুলনামূলক ভালো। প্রতিষ্ঠানটি থেকে ৮৭৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৬২৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫০ জন।
একদিকে জেলার কয়েকটি প্রতিষ্ঠানের ভালো ফল, অন্যদিকে ১২টি কলেজের কোনো পরীক্ষার্থী পাস না করার ঘটনা সব মিলিয়ে এবারের এইচএসসি ফলাফলে মিশ্র চিত্র দেখা গেছে। শতভাগ অকৃতকার্য হওয়া কলেজগুলোর বিষয়ে শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।