দলীয় নী‌তি বিচ্যুতির অভিযোগ তু‌লে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা

দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও নেতৃত্বের একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নুরন্নবী সরকার।

রবিবার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একই সঙ্গে দলের কেন্দ্রীয় কমিটির কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠানোর কথা জানান তিনি।

লিখিত বক্তব্যে নুরন্নবী সরকার বলেন, দীর্ঘদিন নিষ্ঠা ও সততার সঙ্গে তিনি জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দলের তৃণমূলকে শক্তিশালী করতেও কাজ করেছেন। তবে সাম্প্রতিক সময়ে দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের কারণে সাধারণ কর্মী-সমর্থকদের প্রত্যাশা পূরণ হচ্ছে না।

তিনি বলেন, এমন পরিস্থিতিতে নিজের আত্মসম্মান ও আদর্শ বজায় রেখে দলে থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এ সময় দায়িত্ব পালনে সহযোগিতা করা নেতাকর্মী, সমর্থক ও জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এদিকে নুরন্নবী সরকারের পদত্যাগের ঘোষণার বিষয়ে এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া বলেন, নুরন্নবী সরকার এখনো আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেননি। তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে শুনেছেন। এমনিতেই দীর্ঘদিন ধরে তিনি সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় ছিলেন।

নুরন্নবী সরকারের অভিযোগের বিষয়ে মুকুল মিয়া বলেন, দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের যে অভিযোগ তুলে তিনি সংবাদ সম্মেলন করেছেন, তা তার মনগড়া। এসব অভিযোগের কোনও সত্যতা নেই।