পঞ্চগড়ে হঠাৎ করেই জেঁকে বসেছে কুয়াশা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। কুয়াশার কারণে কমে আসে দৃষ্টিসীমা, ফলে স্বাভাবিক চলাচলেও বিঘ্ন ঘটে।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে এ অঞ্চলের তাপমাত্রায় বেশ ওঠানামা দেখা গেছে। গত বৃহস্পতিবার তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। পরদিন শুক্রবার (২০ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। ওই দিন সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।
রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সোমবার (২৩ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ দিন সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭২ শতাংশ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
আবহাওয়াবিদদের মতে, রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য এবং বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি কুয়াশা সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করে। রাতে ভূপৃষ্ঠ দ্রুত ঠান্ডা হয়ে গেলে বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কুয়াশার সৃষ্টি হয়।