পাঁচ বছর আগে সংরক্ষণের অভাবে সাত বিঘা জমির আলু ও তিন বিঘা জমির সবজি পচে নষ্ট হয়েছিল। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েন কৃষক মাহাতাব উদ্দিন। সেই লোকসানের ধাক্কায় পরের বছর আর আবাদ করতে পারেননি তিনি। চোখের সামনে কষ্টের ফসল পচে নষ্ট হওয়ার সেই স্মৃতি এখনও তাড়া করে ফেরে তাকে।
মাহাতাব উদ্দিন নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজিপুর গ্রামের বাসিন্দা। শুধু তিনি নন, তার মতো অনেক প্রান্তিক কৃষকই উৎপাদিত ফসল সংরক্ষণের অভাবে বিপাকে পড়েন। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে তুলনামূলক কম দামে ফসল বিক্রি করতে হতো তাদের। আবার কেউ কেউ স্থানীয় পদ্ধতিতে ফসল সংরক্ষণ করতে গিয়ে পচনের কারণে ক্ষতির মুখে পড়তেন।
তবে এবার সেই দুর্ভোগ কমাতে উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। মাঠের তাজা ফসল সংরক্ষণের জন্য নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের রামশা কাজিপুর গ্রামে নির্মাণ করা হয়েছে ‘ফার্মার্স মিনি কোল্ডস্টোরেজ’। ১৭ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই সংরক্ষণাগারটির উদ্বোধন করা হয় গত রবিবার দুপুরে। সেখানে ফসল রেখে আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উদ্বোধনের প্রথম দিনেই রামশা কাজিপুর গ্রামের ৩০ জন প্রান্তিক কৃষক তাদের উৎপাদিত মসলা, শীতকালীন সবজি ও অন্যান্য ফসল সংরক্ষণের জন্য সেখানে রেখেছেন। এসব ফসলের মধ্যে রয়েছে টমেটো, গাজর, বেগুন, ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি, আলু, পেঁয়াজ, আদা ও কাঁচামরিচ।
নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী জানান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় কোল্ডস্টোরেজটি নির্মাণ করা হয়েছে। এতে একসঙ্গে প্রায় সাত টন সবজি, মসলা ও বিভিন্ন মৌসুমি ফল সংরক্ষণ করা সম্ভব হবে।
আধুনিক এই মিনি কোল্ডস্টোরেজে কুলিং ও স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ফসলের ধরন অনুযায়ী প্রয়োজনীয় তাপমাত্রা বজায় রাখা যাবে। ফলে পচনশীল সবজি ও ফল সাধারণত ১৫ থেকে ২৫ দিন পর্যন্ত সতেজ রাখা সম্ভব হবে। এতে মৌসুমের শুরুতে বা অতিরিক্ত সরবরাহের সময় কম দামে ফসল বিক্রি না করে উপযুক্ত সময়ে ভালো দামে বিক্রির সুযোগ পাবেন কৃষকেরা। পাশাপাশি বিভিন্ন ফসলের মানসম্মত বীজ সংরক্ষণেও এটি ব্যবহার করা হবে।
কন্টেইনারভিত্তিক এই মিনি কোল্ডস্টোরেজের ভেতরে ছিদ্রযুক্ত প্লাস্টিকের ক্রেটে সাজিয়ে পটল, করলা, ধনেপাতাসহ বিভিন্ন ধরনের তাজা সবজি রাখা হয়েছে। সংরক্ষণাগারের বাইরের অংশে রয়েছে সৌরবিদ্যুৎ প্যানেল ও কুলিং ইউনিট।
সংরক্ষণাগারের নির্ধারিত তালিকা অনুযায়ী, ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টমেটো ২০ থেকে ৩০ দিন রাখা যাবে। ক্যাপসিকাম ৭ থেকে ১০ ডিগ্রি এবং কাঁচামরিচ ৭ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রায় ২০ থেকে ৩০ দিন সংরক্ষণ করা সম্ভব। এ ছাড়া ৪ থেকে ৬ ডিগ্রি তাপমাত্রায় ফুলকপি ১৫ থেকে ২০ দিন রাখা যাবে। আলু, পেঁপে, হলুদসহ অন্তত ৩০ ধরনের সবজি ও মসলা জাতীয় ফসল সংরক্ষণের সুযোগ রয়েছে এতে।
সংরক্ষণাগারে ফসল রাখা কৃষক মাহাতাব উদ্দিন, আবেদ আলী, আফসার হোসেন ও মনিরুদ্দিনসহ কয়েকজন কৃষক উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, নলডাঙ্গা উপজেলার বিলগুলোতে বিভিন্ন ধরনের ডাল, রসুন, পেঁয়াজসহ নানা মসলা জাতীয় ফসল উৎপাদিত হয়। শীত মৌসুমে ব্যাপক পরিমাণে চাষ হয় শীতকালীন সবজিরও। কিন্তু এত দিন এসব ফসল সংরক্ষণের কোনো ব্যবস্থা ছিল না। স্থানীয় পদ্ধতিতে সংরক্ষণ করতে গিয়ে অনেক সময় ফসলে পচন ধরতো। এতে লোকসানের মুখে পড়তেন কৃষকেরা। তাই বাধ্য হয়ে দ্রুত কম দামে ফসল বিক্রি করে দিতে হতো।
কৃষকেরা বলেন, প্রত্যন্ত গ্রামে সংরক্ষণাগার নির্মাণ হওয়ায় তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধানের সুযোগ তৈরি হয়েছে। ইতিমধ্যে তারা সেখানে ফসল রাখা শুরু করেছেন। এখন থেকে ফসল পচে নষ্ট হওয়ার ভয় কমবে। পাশাপাশি সংরক্ষণ করে উপযুক্ত সময়ে ভালো দামে বিক্রি করতে পারবেন বলে তারা আশাবাদী।
উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী বলেন, কৃষকেরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান, সেই লক্ষ্যেই সংরক্ষণাগারটি নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে কৃষকেরা নিজেদের উৎপাদিত ফসল সেখানে মজুত করতে শুরু করেছেন।
স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, কৃষকদের আর্থিক স্বার্থ বিবেচনায় নিয়ে নাটোরে আরও একাধিক সংরক্ষণাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।