রংপুর প্রেস ক্লাবের সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

রংপুর প্রেসক্লাবের সামনে থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ নভেম্বর) সকালে নগরীর জনবহুল ওই এলাকায় বস্তুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় পত্রিকার হকাররা। পরে প্রায় দুই ঘণ্টা পর সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় বস্তুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যায় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা।

প্রত্যক্ষদর্শী পত্রিকার হকার ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি প্রেসক্লাবের সামনে আসেন। তারা রশি দিয়ে প্যাঁচানো বড় আকারের বোমাসদৃশ বস্তুটি সেখানে ফেলে দ্রুত চলে যান। এ সময় কয়েকজন পত্রিকার হকার ও প্রেসক্লাবের নৈশপ্রহরী সেখানে উপস্থিত ছিলেন। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে বস্তুটি সন্দেহজনক মনে হলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি পানি ভর্তি বালতিতে রাখে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে রাখা হয়। ঘটনাস্থলে পুলিশ ও গোয়েন্দা সদস্যরা অবস্থান নেন।

নাম প্রকাশ না করার শর্তে এক পত্রিকার হকার বলেন, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে বস্তুটি রেখে চলে যান। সেটি বোমা হতে পারে সন্দেহে তারা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে যান রংপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। তিনি বস্তুটি পর্যবেক্ষণ করে বলেন, এটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। একই সঙ্গে প্রেসক্লাব ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হবে। বস্তুটির সঙ্গে দুই ধরনের বৈদ্যুতিক তার প্যাঁচানো থাকায় এটি শক্তিশালী বোমা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এদিকে খবর পেয়ে সেনাবাহিনীর একটি বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা পুরো এলাকা নিরাপত্তাবেষ্টনীর মধ্যে রাখে। সেনাবাহিনীর কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর প্রেসক্লাবের মতো জনবহুল স্থানে বস্তুটি নিষ্ক্রিয় না করে পানি ভর্তি বালতিসহ নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে পরীক্ষা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।