সিলেটে স্কলার্সহোমের অভিভাবকদের আল্টিমেটাম

সিলেটের স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজে এক লাফে ৬০০ টাকা বেতন বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে প্রতিষ্ঠানটির ৬টি ক্যাম্পাসে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন অভিভাবকেরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল ৯টা থেকে অভিভাবকরা সংশ্লিষ্ট ক্যাম্পাসের সম্মুখে ব্যানার এবং প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন।
কর্মসূচিতে তারা আগামী ৩১ মের মধ্যে বেতন বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। এছাড়াও এ ব্যাপারে অভিভাবক ফোরামের পক্ষ থেকে ২৬ মে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে স্কলার্সহোমের  ট্রাস্টি বোর্ডের সভাপতির কাছে স্মারকলিপি প্রদান করবেন বলে জানিয়েছেন।
স্কলার্সহোম, সাপ্লাই রোড ক্যাম্পাসের অভিভাবক ফোরামের আহবায়ক শেখ মো. আজাদ বলেন, জানুয়ারি থেকে সেশন শুরু হলেও বছরের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই বেতন দ্বিগুণ করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। ফলে অধিকাংশ অভিভাবকই বিপাকে পড়েছেন। একাধিকবার এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোনও ফল হয়নি বলে তার অভিযোগ।
এতে আরও বক্তব্য রাখেন বক্তব্য রাখেন অভিভাবক ফোরামের সদস্য সচিব তাজ উদ্দিন খান আলম, সাবেক কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান, অধ্যাপক ছুরাব আলী, সাংবাদিক ফারুক আহমদ, মো. আমিরুজ্জামান, সামছুল ইসলাম চৌধুরী, সুমন আহমদ, শাহানা খানম, নিগার সুলতানা ডেইজী, শাহানা বেগম, শামীমা ইসলাম ও জেনী চৌধুরী প্রমুখ।

এদিকে, স্কলার্স হোমের পাঠানটুলা ক্যাম্পাসে অধ্যক্ষ সুজাত আলী রফিক এর সভাপতিত্বে ও ছিদ্দিকুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মো. রয়ফুল হক, মো. বেলাল খান, ছালিক উদ্দিন, রিপা চৌধুরী, ফরহাদ আহমদ, প্রভাষক খছরুজ্জামান।

অভিভাবকরা জানান,  ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান (ন্যাশনাল কারিকুলাম) স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মাসিক বেতন ১৪০০ টাকা নেওয়া হয়। নিয়ম অনুযায়ী বছরের শুরুতে বেতন বৃদ্ধি হওয়ার কথা। শিক্ষার্থী ভর্তি করার সময় অভিভাবকদের কাছ থেকে আগামী বছরের শুরুতে ২০০টাকা বৃদ্ধি হবে এমন অঙ্গীকারনামা নিয়েছিলেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। কিন্তু বছরের মাঝামাঝি সময় এসে কর্তৃপক্ষ মাসিক বেতন ১৪০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা ধার্য করে দিয়েছেন।

হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয় স্কলার্সহোম। এ ট্রাস্টের চেয়ারম্যান হচ্ছেন-পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির বর্তমান চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার।

আরও পড়ুন: শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় শ্রীমঙ্গলে শিক্ষকদের নিন্দা

/টিএন/আপ-এনএস/