সিলেটে ৪ ফটো সাংবাদিকের ওপর হামলা: ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

৪৮ ঘণ্টার মধ্যে সিলেটে চার ফটো সাংবাদিকের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট (বিপিজে) অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটি। শুক্রবার রাতে সংগঠনের এক জরুরি সভায় এ আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। 

কারাফটকে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বক্তব্য রাখছেন ইকবাল মনসুর

বিপিজে’র সিলেট বিভাগীয় শাখার সভাপতি ইকবাল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের ওপর কারা রক্ষীদের হামলা, ক্যামেরা ছিনতাই ভাঙচুর ও মোটর সাইকেল ভাঙচুর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত সদস্যরা কারা প্রশাসনকে হামলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, ছিনিয়ে নেওয়া ক্যামেরা ফিরিয়ে দেওয়া ও ক্ষতিগ্রস্ত ক্যামেরা, মোটরসাইকেলের ক্ষতিপূরণ প্রদানের আহবান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বি পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সহ-সভাপতি মামুন হাসান, সাবেক সাধারণ সম্পাদক দুলাল হোসেন, নাজমুল কবীর পাভেল, এস সুটন সিংহ, শাহ মো. কয়েছ, শংকর দাশ, নুরুল ইসলাম, এস এম সুজন, আব্দুল মোমিন ইমরান প্রমুখ।

গত বৃহস্পতিবার কারাফটকে ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে কারারক্ষীদের সংঘর্ষ হয়। এ সময়  পেশাগত দায়িত্ব পালনকালে কারারক্ষীদের হামলায় গুরুতর আহত হন ৪ ফটো সাংবাদিক। তাদের মধ্যে রয়েছেন-প্রথম আলোর আলোকচিত্রী আনিস রহমান, সকালের খবরের শহীদুল ইসলাম এবং দৈনিক যুগভেরীর মামুন হোসেন। এ সময় তাদের ৪টি ক্যামেরা ও ২টি মোটর সাইকেল ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

/টিএন/

আপ: এইচকে
আরও পড়ুন: গাইবান্ধার বন্যা কবলিত ১৯ ইউনিয়নে দুর্ভোগে মানু