হবিগঞ্জে মন্দির ভাঙচুর: কর্তব্যে অবহেলায় এসআই স্ট্যান্ড রিলিজ

হবিগঞ্জহবিগঞ্জের মাধবপুর থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিনকে কর্তব্য পালনে অবহেলার অভিযোগে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিলেট রেঞ্জের ডিআইজির নির্দেশে তাকে স্ট্যান্ড রিলিজ করা হলেও রাতে তা প্রকাশ করা হয়।
পুলিশ জানায়, গত ৩০ অক্টোবর নাসিরনগরে ‘ধর্ম অবমাননার’ একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কতিপয় উচ্ছৃঙ্খল যুবক মাধবপুর পৌর শহরে ঝুলন ও কালী মন্দিরে হামলা ও ভাঙচুর করে। ওই সময়ে মন্দির প্রহরায় নিযুক্ত ছিল এসআই গিয়াস উদ্দিন। কিন্তু ভাঙচুরের সময় তাকে কর্তব্য পালনে দেখা যায়নি।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত ওই দারোগার প্রতি কর্তব্য অবহেলার অভিযোগ তুলেন। এর প্রেরিপ্রেক্ষিতে ঘটনার  ১৪ দিন পর তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসআই গিয়াস উদ্দিনকে স্ট্যান্ড রিলিজ করে সিলেট আরআরআই এ পাঠানো হয়েছে।

উল্লেখ্য গত ৩০ অক্টোবর ব্রহ্মনবাড়িয়া জেলার নাসির নগর উপজেলায় দুর্বৃত্তরা যুবক বাজারে অবস্থিত কালীমন্দিরে ভাঙচুর করে। ঔ ঘটনায় ২শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও এ পর্যন্ত ২৬ জনকে পুলিশ আটক করেছে বলে জানা যায়। 

/এইচকে/