আতিয়া মহল থেকে উদ্ধারকৃত আইইডি দুটি বোমা নিষ্ক্রিয় করেছে র‌্যাব

আতিয়া মহলসিলেটের শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা আতিয়া মহলের নীচতলা থেকে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট দুটি আইইডি বোমা নিষ্ক্রিয় করেছে। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে আইইডি বোম দুটি উদ্ধার করা হয়। পরে র‌্যাবের সদস্যরা এগুলো অন্য জায়গায় নিয়ে নিষ্ক্রিয় করেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় সিলেটের পাঠানপাড়ায় এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু হায়দার মোহাম্মদ আজাদ আহম্মদ বলেন, ‘আতিয়া মহলের নীচতলায় বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরাসহ র‌্যাবের অন্যান্য সদস্যরা অভিযান চালিয়ে দুটি শক্তিশালী বোমা উদ্ধার করে। পরে অন্যত্র সেগুলো নিষ্ক্রিয় করা হয়।’

তিনি আরও বলেন, ‘ভবনের নীচতলা পুরোটাই তল্লাশি চালানো হয়েছে। আগামীকাল বুধবার (৫ এপ্রিল) সকাল থেকে আবারও তল্লাশি শুরু হবে।’

প্রসঙ্গত, গত ২৪ মার্চ থেকে সিলেটের শিববাড়িতে আতিয়া মহল নামের বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে পুলিশ। পরে সেনাবাহিনী সেখানে ‘অপারেশন টোয়াইলাইট’ পরিচালনা করে। এই অভিযানে চার জঙ্গি মারা যায়। তাদের মধ্যে এক নারীও ছিল।

অন্যদিকে অভিযান চলাকালীন সিলেটের পাঠানপাড়ায় পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। দুটি বিস্ফোরণে র‌্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদসহ ছয়জনের মৃত্যু হয়।

/এআর/