প্রবাসী যুবক হত্যা মামলায় একই পরিবারের চার জনের ফাঁসির আদেশ

হবিগঞ্জে চারজনের ফাঁসির আদেশ (ছবি: প্রতিনিধি)হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসী যুবক হত্যা মামলায় বাবা-ছেলেসহ একই পরিবারের চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাফরোজা পারভীন এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার চুনারুঘাট উপজেলার কাশিকান্দি গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে আরজু মিয়া (৫০), তার ভাই রফিকুল ইসলাম (৪৮), তার ভাই তৈয়ব আলী (৫০) ও ছেলে সফর উদ্দিন (৩০)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৫ অক্টোবর আসামিদের অনৈতিক কাজে বাধা দেওয়ার ক্ষিপ্ত হয়ে একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ডুবাই প্রবাসী ফুল মিয়াকে (২৫) হত্যা করে লাশ পার্শ্ববর্তী বেগুন ক্ষেতে ফেলে দেয়। এ ঘটনার পর নিহতের বড় ভাই আব্দুল মন্নাফ বাদী হয়ে চুনারুঘাট থানায় তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে বুধবার এ রায় দেন। রায়ের পর আসামিরা আাদলতেই কান্নায় ভেঙে পড়েন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক বলেন, ‘রায়ে বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছে। আমরা আশা করি উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে।’

নিহতের মা জায়েদা খাতুন জানান, ‘রায়ের মাধ্যমে আজ ছেলে হত্যার বিচার পেয়েছি। তাদের ফাঁসি হলে আমার মৃত ছেলের আত্মা শান্তি পাবে।’ 

রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, তারা রায়ে সন্তুষ্ট হতে পারেননি। শিগগিরই তারা উচ্চ আদালতে আপিল করবেন।

আরও পড়ুন- বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন, এমপির বিরুদ্ধে আদালতে মামলা