ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনসিলেটের ফেঞ্চুগঞ্জের পালবাড়িতে ২৩০ কেভি সাব-স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও কুমিল্লার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন গ্রিড সেকশনের কর্মকর্তারা।

সোমবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সাব-স্টেশনের ৩শ’ এম বিপিএ ট্রান্সফরমারে আগুন লাগার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী রতন কুমার বাংলা ট্রিবিউনকে জানান, ট্রান্সফরমারে আগুন ধরায় বেশ কিছু এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে। এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে হলে আরও কয়েকদিন সময় লাগবে। তবে বিকল্প পদ্ধতিতে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রকৌশলীরা কাজ করে যাচ্ছেন।

তিনি আরও জানান, প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্র ইনচার্জ নিক্সন চন্দ্র দাস জানান, পাওয়ার ট্রান্সমিটারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মূল্যবান কিছু ইলেকট্রনিক্স মেশিন পুড়ে গেছে।