ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মৌলভীবাজারমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নুরুল ইসলাম (৪৮) নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেল আরোহী তার স্ত্রী সালমা বেগম (৩১) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে আদমপুর এলাকার মাটি মসজিদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক  (এসআই) চম্পক ধাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত নুরুল ইসলাম কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের মহরম আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নিহত নুরুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেলে করে আদমপুর বাজারে যাচ্ছিল।  যাওয়ার সময় মাটির মসজিদ নামক স্থানে পৌঁছালে একটি দ্রুতগ্রামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নুরুল ইসলামের মৃত্যু হয়। পরে আহত সালমা বেগমকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।  

এসআই জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।