সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করলেন এরশাদও

হযতর শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করছেন এরশাদ

সিলেট থেকে জাতীয় পার্টি নির্বাচনি প্রচারণা শুরু করলো উল্লেখ করে চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, ‘মাজার জিয়ারতের মধ্যদিয়ে আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রচারণা শুরু হলো। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে হযতর শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের পর তিনি  সাংবাদিকদের  এ কথা জানান।

অতীতের মতো এবারও মাজার জিয়ারতের পর প্রচারণা শুরুর কথা উল্লেখ করে এরশাদ বলেন,‘শুক্রবার (২ ফ্রেবুয়ারি) থেকে জাতীয় পার্টি সারাদেশে নির্বাচনি প্রচারণা শুরু করবে।’

তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোনও নির্বাচন হবে না। নির্বাচন হবে বাংলাদেশের সংবিধানের আলোকে। ৩০০টি আসেন জাতীয় পার্টি এবার একক প্রার্থী দিবে।’ 

সিলেটে কাকে দলের প্রার্থী দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিলেটের আসনগুলো মর্যাদাপূর্ণ। এখানে যে দলের প্রার্থী জয়লাভ করে সেই দলই সরকার গঠন করে। তাই তৃণমূলের সঙ্গে আলাপ-আলোচনা করে সিলেটের-১ আসনসহ সবগুলো আসনেই প্রার্থী দেওয়া হবে।’ 

শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের পর তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন। এরপর বিকেলে সিলেট সার্কিট হাউসে জেলা ও মহানগর জাতীয় পার্টিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। আজই বিকেল ৪টার দিকে তিনি ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

 আরও পড়ুন: নওগাঁর প্রথম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ