সিলেটে মা-ছেলে খুনের ঘটনায় মামলা

বাসা থেকে মা-ছেলের লাশ উদ্ধার

সিলেট নগরের মিরাবাজার খারপাড়া এলাকায় মা-ছেলে খুনের ঘটনায় মামলা করা হয়েছে। রবিবার (১ এপ্রিল) রাতে সিলেট কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন নিহত রোকেয়া বেগমের ভাই জাকির হোসেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম)।

তিনি জানান, নিহত রোকেয়া বেগমের ভাই জাকির হোসেন অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় কারো নাম উল্লেখ না করা হলেও ৩-৪ জন আমাদের সন্দেহের তালিকায় আছে।

তিনি আরও জানান, মামলার এজহারে আসামিদের নাম উল্লেখ না করা হলেও সম্প্রতি রোকেয়া বেগমের বাসায় গিয়ে হুমকি ও তাকের মারধরের ঘটনায় জড়িত শিপন, সুমন ওরফে কাঞ্চা সুমন, একে পাপলু, মারুফ ও রিপনের নাম উল্লেখ করা হয়। পুলিশ তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে। 

উল্লেখ্য,নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের মিতালি ১৫/এ নম্বরের তিন তলা বাড়ির নিচ তলায় দুই সন্তানকে নিয়ে থাকতেন রোকেয়া বেগম। রবিবার বাড়ির ভেতরে থাকা রোকেয়া বেগমের পাঁচ বছরের মেয়ে রাইসার কাঁন্না ও পচা গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে দুপুরে পুলিশ ওই বাড়িতে গিয়ে রোকেয়া বেগম ও তার ছেলে রবিউল ইসলাম রোকনের লাশ উদ্ধার করে। রোকেয়া বেগমের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি থানার চকমখলায়। বর্তমানে রাইসাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। 

আরও পড়ুন: সিলেটে জোড়া খুন: সন্দেহের তালিকায় গৃহকর্মীসহ ৪ জন