মৌলভীবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

02মৌলভীবাজার পৌর শহরের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরেক শিশু। সোমবার (২৮ মে) দুপুরের দিকে পৌর শহরের সুলতানপুর এলাকার মীরের বাড়ির পুকুরে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার পুড়াকান্দা গ্রামের চান মিয়ার মেয়ে অঞ্জনা আক্তার (৭) ও একই থানাধীন বাহেরবালি গ্রামের সিদ্দিক আলীর মেয়ে তানিয়া আক্তার (৭)। আহত হয়েছে আয়েশা আক্তার (৮) নামে এক শিশু।
নিহত দুইজনের পরিবার সুলতানপুর এলাকায় শামীম মিয়ার কলোনিতে ভাড়া থাকতো। তারা শহরের শহীদ জিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পুকুর পাড়ে তানিয়া, অঞ্জনা ও আয়েশা খেলাধুলা করছিল। এসময় তারা পানিতে গোসলের জন্য নামলে তিনজনই সেখানে ডুবে যায়। পরে ইমরান হোসেন নামে এক যুবক আয়েশাকে পানি থেকে উদ্ধার করে। এসময় আরও দুজনকে পানিতে ডুবে আছে দেখতে পান তিনি। পরে তানিয়া ও অঞ্জনাকেও উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ পরিদর্শক শিলা বেগম এ তথ্য জানিয়েছেন।