জমি নিয়ে বিরোধের জেরে নারীকে চেয়ারের সঙ্গে বেঁধে নির্যাতন

মৌলভীবাজার

জমি নিয়ে বিরোধের জেরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আঙুরা বেগম (৪৫) নামে এক নারীকে চেয়ারের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। স্থানীয় চন্দন মিয়া গং এর লোকজনেরা এ নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১১ জনু) সন্ধ্যায় উপজেলার আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা গ্রামে নির্যাতনের এ ঘটনা ঘটে। এ ঘটনায়  চন্দন মিয়াকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

আঙুরা বেগম ওই গ্রামের সালাম মিয়ার স্ত্রী। তিনি পাঁচ সন্তানের জননী।

আঙুরা বেগমের স্বামী সালাম মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে শিববাড়ী বাজার থেকে ইফতারি নিয়ে বাড়ি ফেরার পথে চন্দন মিয়া ও তার ছেলে নাজমুল মিয়াসহ ৬-৭ জন মিলে আমার স্ত্রী আঙুরা বেগমকে রাস্তা থেকে ধরে নিয়ে যায়। পরে তাদের ঘরে চেয়ারের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতন করে। আমি স্থানীয় মেম্বর ও চেয়ারম্যান এবং থানা পুলিশকে খবর দিলে শ্রীমঙ্গল থানার এসআই হাফিজুল ইসলাম আমার স্ত্রীকে উদ্ধার করে উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করেন।’

তিনি আরও বলেন, ‘তারা আমার ৭ শতক জমি জোর করে দখলে নিয়ে মুরগির ফার্ম তৈরি করেছে। এ নিয়ে অনেকবার ইউনিয়নে বৈঠক হয়েছে। প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় সুবিচার থেকে বঞ্চিত হয়েছি। এ ব্যাপারে মৌলভীবাজার আদালতে মামলা বিচারাধীনও আছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জমি সক্রান্ত বিরোধের জের ধরে ওই নারীকে নির্যাতন করা হয়েছে। খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে।’