নারী নির্যাতন মামলায় পুলিশের এএসআই কারাগারে

এএসআই আবু তাহেরনারী ও শিশু নির্যাতন মামলায় মৌলভীবাজারে রাজনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু তাহেরকে (৩২) কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ জুন) দুপুরে মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন এএসআই। বিচারক বেগম শামীমা আফরোজ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মৌলভীবাজার আদালতে কোট ইন্সপেক্টর আব্দুল হাই চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এএসআই আবু তাহের রাজনগর থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তবে তিনি দীর্ঘদনি পলাতক ছিলেন। তার বাড়ি নরসিংদী জেলার শিবপুরে।

মামলা সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ভানুগাছবাজার এলাকায় নাছিমা আক্তার ২০১৭ সালের ৩১ জানুয়ারি এএসআই আবু তাহেরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর ট্রাইব্যুনাল মামলাটি আমলে নিয়ে গত বছরের ৮ নভেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে এএসআই আবু তাহের পলাতক ছিলেন।

বাদীপক্ষের আইনজীবী মাসুক মিয়া জানান, আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেওয়ার পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। আদালতে জামিন নিতে আবেদন করলে আমরা যুক্তিতর্ক উপস্থাপন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।