জয়ের আশা নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আরিফ-কামরান

আরিফুল হক চৌধুরী ও বদর উদ্দিন আহমেদ কামরানসিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে লড়াই করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি'র প্রার্থী আরিফুল হক চৌধুরী এবং  আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান।  বৃহস্পতিবার (২৮ জুন) দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন তারা। দুই প্রার্থীই নির্বাচনে জয়ী হওয়ার আশা প্রকাশ করেছেন। 

মেয়র পদ ছেড়ে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র জমা দেন বিএনপি সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (২৮ জুন) বেলা সাড়ে ৩টার দিকে সিলেট জেলা ও মহানগর বিএনপির জ্যেষ্ঠ কয়েকজন নেতাকে নিয়ে তিনি মনোনয়ন দাখিল করেন। মনোনয়ন দাখিলের আগে হযরত শাহজালাল (রহ:) মাজার জিয়ারত করেন আরিফ।

মনোনয়ন দাখিল শেষে আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেট মহানগরীর ভোটাররা আমাকে আবারও মেয়র পদে দেখতে চায়। যদি নির্বাচন যথাযথভাবে অনুষ্ঠিত হয় তাহলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।’ এছাড়াও দলের নেতাকর্মীসহ সিলেটের সর্বস্তরের নেতাকর্মীদের ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘বিএনপি একটি বৃহৎ দল। এখানে মনোনয়নের লড়াই থাকবে এটা স্বাভাবিক। তবে সিলেট বিএনপি সবসময় ঐক্যবদ্ধ।’

এর আগে বেলা দেড়টার দিকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে সিলেট জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বদর উদ্দিন আহমেদ কামরান। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার আগে মানিক পীর (রহ:) গোরস্থানে নিজের বাবা-মা’র কবর জিয়ারত করেন কামরান।


মনোনয়নপত্র জমা দেওয়ার পর কামরান বলেন, ‘দল থেকে আমাকে নৌকা দেওয়া হয়েছে। এই নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে সব ভেদাভেদ ভুলে কাজ করতে হবে।’ এ সময় তিনি দলের নেতাকর্মীদের নৌকার বিজয় নিশ্চিত করার জন্য যারা যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন- সিলেটে মেয়র পদে জামায়াত প্রার্থীর মনোননয়ন দাখিল