নবীগঞ্জে নিখোঁজের ৩ মাস পর গৃহবধূর দেহাবশেষ উদ্ধার

 

হবিগঞ্জহবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের তিন মাস পর সুজনা বেগম (১৯) নামের এক গৃহবধূর দেহাবশেষ (কঙ্কাল) উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার একটি ধানী জমি থেকে ওই দেহাবশেষ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শাহিন মিয়াসহ তিন জনকে আটক করা হয়েছে। নিহত সুজনা নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বক্তারপুর গ্রামের তোলাফর উল্লার মেয়ে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ৩১ অক্টোবর সন্ধ্যায় সুজানা তার খালার বাড়ি সৈয়দপুরে যাওয়ার সময় নিখোঁজ হন। এ ঘটনার পর তার পিতা তোলাফর উল্লাহ বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কইখাই গ্রামের ইলিমপুর হাওরে স্থানীয় লোকজন কঙ্কালের কিছু হাড় ও কাপড় দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে কঙ্কাল ও কাপড় উদ্ধার করে। তোলাফর উল্লাহ কাপর-চোপর দেখে ওই দেহাবশেষ তার কন্যার বলে শনাক্ত করেন। এ ঘটনার পর পুলিশ সন্দেহভাজন হিসেবে কইখাই গ্রামের আব্দুল মতিনের ছেলে শাহিন মিয়াসহ তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আহমেদ জানান, হাওর থেকে গৃহবধূর কঙ্কাল ও কাপড় চোপর উদ্ধারের পর তার পিতা লাশ শনাক্ত করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে শাহিনসহ তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।