শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৫ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ‘বি’ ইউনিটের পরীক্ষা চলাকালে ৪টি কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। তারা ক্যালকুলেটরে সিম ব্যবহারের মাধ্যমে জালিয়াতি করছিল। বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

প্রশাসন সূত্রে জানা যায়, আটক ৫ জনের মধ্যে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা (কেন্দ্র-১৪) থেকে দু’জন, মইনুদ্দদিন আদর্শ মহিলা কলেজ (কেন্দ্র-২৪) থেকে একজন, সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ (কেন্দ্র-৪০) থেকে একজন ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট (কেন্দ্র-৪৩) থেকে একজনকে আটক করা হয়েছে। 

তারা হলেন বগুড়া সদরের বৃন্দাবন পাড়ার আবদুল গফুরের ছেলে মাহমুদুল হাসান, একই এলাকার মাকছুদুর রহমানের ছেলে সাদ মো. শাহেল, বগুড়ার সারিয়াকান্দি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে আহসান আলী, তৌহিদুল ইসলামের ছেলে ইব্রাহিম খলিল জীবন ও ময়মনসিংহের ভালুকা উপজেলার জহিরুল ইসলামের ছেলে মোহাইমিনুল ইসলাম খান।

তবে আটক শিক্ষার্থীরা সবাই এসপি ট্রাভেল বাসে বগুড়া থেকে এসেছে বলে জানান সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মোসাদ্দেক আহমেদ চোধুরী।

মোসাদ্দেক আহমেদ চোধুরী বলেন, ‘তারা ক্যালকুলেটরে সিম ব্যবহারে করে নিয়ে আসে। এর মাধ্যমে প্রশ্ন ও প্রশ্নোত্তর আদান-প্রদান করার ব্যবস্থা রয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ বলেন, ‘আটক শিক্ষার্থীদের পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানার চেষ্টা করা হবে।’