এবার জামালগঞ্জে আসছেন মামুনুল হক!

হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হককে কটূক্তির জেরে শাল্লা উপজেলার হবিপুর ইউনিয়নের হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের জামালগঞ্জ উপজেলার এক ইসলামী সম্মেলনে মামুনুল হককে ফের অতিথি করে প্রচারণা চালানো হচ্ছে বলে জানা গেছে। ২১ মার্চ জামালগঞ্জ হেলিপ্যাড মাঠে এ সম্মেলন হওয়ার কথা।

এদিকে মামুনুলের অনুসারীদের তাণ্ডবে এখনও আতঙ্কিত হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামবাসী। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গ্রামে অস্থায়ী র‍্যাব ও পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। এ অবস্থায় ফের হেফাজত নেতাকে অতিথি করে সমাবেশ আহ্বানের ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এছাড়া অভিযোগ উঠেছে সমাবেশের পোস্টারে না জানিয়ে জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির নাম ব্যবহার করা হয়েছে। এ ঘটনায় তিনি বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে থানায় জিডি করেছেন। জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী তালুকদার বলেন, আমার অনুমতি না নিয়ে পোস্টারে আমার নাম ব্যবহার করায় জামালগঞ্জ থানায় জিডি করেছি।

এদিকে জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদও একই ধরনের অভিযোগ করেন। তিনি বলেন, আমার কোনও মতামত না নিয়ে পোস্টারে আমার নাম ব্যবহার করা হয়েছে। আমি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি।

অন্যদিকে সমাবেশ আয়োজনের কোনও অনুমতিও নেওয়া হয়নি বলে জানিয়েছেন জামালগঞ্জ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম। তিনি বলেন, হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক আসার বিষয়টি আমাকে কেউ অবহিত করেননি।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন বলেন, মামুনুল হক জামালগঞ্জে আসবেন এরকম কোনও অনুমতি প্রশাসনের থেকে দেওয়া হয়নি। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। স্থানীয় সংসদ সদস্যকে বিষয়টি জানানো হয়েছে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যবিরোধী আন্দোলনের নেতা মামুনুল হকের সমর্থকরা ১৭ মার্চ বুধবার নোয়াগাঁও গ্রামের ৮৮টি বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর চালায়। এ সময় গ্রামের পাঁচটি মন্দির ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। নোয়াগাঁও গ্রামের ঝুমন দাস আপন নামের এক তরুণের ফেসবুক আইডি থেকে মামনুল হককে কটাক্ষ করে দেওয়া পোস্টের প্রতিক্রিয়ায় বুধবার সকাল ৯ টায় এই তাণ্ডব চালানো হয়। এর আগে ১৫ মার্চ সুনামগঞ্জের দিরাই স্টেডিয়ামে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক বক্তব্য দেন।

সমাবেশ আয়োজনে অনুমতি নেওয়া হয়েছে কিনা এবং মামুনুল হককে অতিথির করার বিষয়ে জানতে পোস্টারে দেওয়া নম্বরে খাদিমুল কুরআন মহিলা মাদ্রাসা জামালগঞ্জের মুহতামিম আলহাজ্ব হাফিজ মাওলানা কাওছার আহমদের মোবাইলফোন নম্বরে যোগাযোগ করা হয়। তবে তিনি কল রিসিভ না করায় কোনও বক্তব্য জানা যায়নি।

আরও পড়ুন:

মামুনুল হককে নিয়ে কটূক্তির জেরে শাল্লায় বাড়িতে হামলা

হিন্দুদের বাড়িঘরে হামলা-লুটপাটের ঘটনায় মামলা, আসামি ১৮০শাল্লায় আটক ২২, অন্য আসামিদের খুঁজছে পুলিশ

‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীরা বিএনপির সহযোগী’

‘দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, আর সইতে পারছি না’

শাল্লায় হামলার ঘটনায় দুই মামলা

হামলাকারীদের ছাড় দেওয়া হবে না: শাল্লায় র‌্যাব ডিজি

মোদির সফরের আগে অনভিপ্রেত ঘটনায় আমরা দুঃখিত: কাদের