সুনামগঞ্জের রামনগরে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো হাওরাঞ্চলের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে ইংল্যান্ড, লিজেন্ড, বিজয়বাংলা, সুন্দরী, ফরিদবাংলা, তামিম বাংলা, পঙ্খিরাজ, লালবাদশা, রূপলালসহ বাহারি নামের শতাধিক ঘোড়া নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজকরা জানান, সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ ও মৌলভীবাজারসহ পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার সৌখিন ঘোড়ার মালিকগণ আগের দিন ঘোড়া নিয়ে মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে প্রতিযোগিতায় অংশ নেন। প্রতি রাউন্ড দৌড়ে তিনটি করে ঘোড়া দিয়ে একটি সাম(জোড়) তৈরি করে মোট ৩৩টি সামে বিভক্ত হয়ে প্রতিযোগিতা হয়ে থাকে। প্রত্যেকটি সামের ১ম ও ২য় স্থান অধিকারী ঘোড়ার মালিককে পুরস্কৃত করা হয়। ৩৩ সাম থেকে তিনটি ঘোড়ার মালিককে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে সিলেটের বিয়ানী বাজারের ইংল্যান্ড নামের ঘোড়াটি। দ্বিতীয় স্থান অধিকার করে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চানপুর গ্রামের ফরিদবাংলা নামের ঘোড়া। তৃতীয় স্থান অধিকার রামনগর গ্রামের ঘোড়া তামিমবাংলা।
হাওরাঞ্চলের অধিবাসীরা বোরো মৌসুমের শুরুর আগমুহূর্তে চিত্ত বিনোদনের জন্য প্রতিবছর এই ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজন করেন। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী রামনগর গ্রামের দশনালিয়া হাওরাঞ্চলের উন্মুক্ত প্রান্তরে হাজারও দর্শকের উপস্থিতিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
/এইচকে/