ক্যারম খেলা নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়নে ক্যারম খেলা নিয়ে সংঘর্ষে আহত সাব্বির আহমদ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০নং হাজীপুর ইউনিয়নের উত্তর পাবই গ্রামে ক্যারম খেলা নিয়ে মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে আব্দুর রশিদের ছেলে সাব্বিরের সঙ্গে একই গ্রামের দুলাল মিয়ার ছেলে তায়জুলের সাথে বাগবিতণ্ডা হয়।

এ নিয়ে তাদের পরিবার দেশীয় লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সাব্বির গুরুতর আহত হন। 
আহত সাব্বিরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় উভয়পক্ষকে জিজ্ঞাসাবাদ চলছে। মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।