সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার ১৯ ইউনিয়ন পরিষদের নির্বাচনে নয়টিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা। বাকি ১০টিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা।
বৃহস্পতিবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। ফলাফলে দেখা যায়, ছাতকের ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন চার প্রার্থী। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী তিন এবং স্বতন্ত্র তিন প্রার্থী বিজয়ী হয়েছেন।
উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে গয়াছ আহমদ, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নে সুন্দর আলী, কালারুকা ইউনিয়নে অদুদ আলম এবং উত্তর খুরমা ইউনিয়নে বিলাল আহমদ বিজয়ী হয়েছেন।
ছাতক সদর ইউনিয়নে সাইফুল ইসলাম (আনারস), দক্ষিণ খুরমা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদীন (টেলিফোন) এবং জাউয়া বাজার ইউনিয়নে আব্দুল হক (ঘোড়া) প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন।
এ ছাড়া দোলারবাজার ইউনিয়নে নুরুল আলম (চশমা), চরমহল্লা ইউনিয়নে আবুল হাসনাত (মোটরসাইকেল) এবং সুফি আলম সোহেল (টেলিফোন) প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
এদিকে, দোয়ারাবাজার উপজেলার নয় ইউনিয়ন পরিষদের নির্বাচনে পাঁচটিতে নৌকার প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। বাকি চারটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
১নং বাংলাবাজার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এম আবুল হোসেন (চশমা), ২নং নরসিংপুরে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ, ৩নং দোয়ারা সদরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হামিদ, ৪নং মান্নারগাঁওয়ে বিএনপির স্বতন্ত্র প্রার্থী ইজ্জত আলী (মোটরসাইকেল), ৫নং পান্ডারগাঁওয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, ৬নং দোহালিয়ায় স্বতন্ত্র প্রার্থী শামীমুল ইসলাম শামীম (আনারস), ৭নং লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম (মোটরসাইকেল), ৮নং বোগলাবাজারে আওয়ামী লীগ মনোনীত মিলন খান এবং ৯নং সুরমা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম এ হালিম বীর প্রতীক নির্বাচিত হয়েছেন।
ছাতক উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়েজুর রহমান বলেন, ছাতকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।