পাওনা টাকার জন্য ছুরিকাঘাতে যুবককে হত্যা

সুনামগঞ্জ পৌর শহরে পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে ‘বন্ধুর’ ছুরিকাঘাতে সাইফুল ইসলাম নয়ন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (৩০ জানুয়ারি) বিকালে শহরের মেজর ইকবাল রোডে এই ঘটনা ঘটে। নয়ন পৌর শহরের বড়পাড়া এলাকার কাউসার আহমেদের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত রেজুয়ান মিয়াকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নয়ন ও রেজুয়ান দুই জন বন্ধু। কয়েকদিন আগে রেজুয়ান সমস্যার কথা বলে এক সপ্তাহের জন্য নয়নের কাছ থেকে বেশকিছু টাকা ধার নেন। সেই টাকা নিয়ে আজ বিকালে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রেজুয়ানের কয়েকজন বন্ধু নয়নকে ধরে রাখে এবং রেজুয়ান তাকে ছুরিকাঘাত করে। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে অভিযান চালিয়ে রেজুয়ানকে আটক করে পুলিশ।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ঘাতক যুবককে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।