সিলেটে এইচএসসিতে কমেছে পরীক্ষার্থী, ছাত্রী বেশি

সারা দেশের মতো সিলেটে রবিবার (৬ নভেম্বর) থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবারের পরীক্ষায় সিলেট বোর্ডের অধীনে ৬৭ হাজার ৫২৬ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। পরীক্ষায় ছেলে পরীক্ষার্থী থেকে ছাত্রী পরীক্ষার্থী বেশি। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ১৫৪ এবং ছাত্রী ৩৮ হাজার ৩৭২ জন। 

সিলেট বোর্ডের ৩০৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসব পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। ৮৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর থেকে এ বছর পরীক্ষার্থী কমেছে ৬৩৪ জন। গত বছর ৬৭ হাজার ৯৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন।

বোর্ড সূত্রে জানা যায়, পরীক্ষার্থীর সংখ্যায় শীর্ষে আছে সিলেট জেলা। এখানে ২৯ হাজার ৩৬০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এছাড়া মৌলভীবাজারে পরীক্ষার্থী সংখ্যা ১৩ হাজার ৮২৪, সুনামগঞ্জে ১২ হাজার ৩৬৯ এবং হবিগঞ্জে ১১ হাজার ৭৮৪। তত্ত্বীয় পরীক্ষা ৬ নভেম্বর থেকে শুরু হয়ে ১৩ ডিসেম্বর শেষ হবে। আর ব্যবহারিক পরীক্ষা ১৫ ডিসেম্বর শুরু হয়ে ২২ ডিসেম্বর শেষ হবে। পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশিত হবে। 

এইচএসসি পরীক্ষা উপলক্ষে সিলেট শিক্ষাবোর্ড নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৮টা থেকে পরীক্ষা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষ পরিচালিত হবে। কক্ষে চার জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবা বাছিত, মেইনটেইনেন্স ইঞ্জিনিয়ার কেএম জুবায়ের আরেফিন, সেকশন অফিসার মো. মশাহিদ আলী ও উচ্চমান সহকারী রাবেয়া বেগম।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল বলেন, এবার এইচএসসি পরীক্ষায় ৩০৪টি কলেজের শিক্ষার্থীরা ৮৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। জেলাভিত্তিক পরীক্ষা কেন্দ্র হচ্ছে সিলেটে ৩৩, হবিগঞ্জে ১৮, মৌলভীবাজারে ১৪ এবং সুনামগঞ্জে ২১টি। গত সপ্তাহ পর্যন্ত এইচএসসির ফরম ফিলাপ সম্পন্ন হওয়ায় শেষ মুহূর্তে পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৫২৬ জন। নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিলেট অঞ্চলের চার জেলার পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সরঞ্জাম পাঠানো হয়েছে। গঠন করা হয়েছে একাধিক ভিজিল্যান্স টিম। এছাড়া কেন্দ্রে কেন্দ্রে প্রশাসনিক কর্মকর্তাদের নজরদারি থাকবে।

মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ বলেন, ৬ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা নির্বিঘ্ন ও সুষ্ঠু করতে সিলেট নগরীর ২০টি এলাকাকে অস্থায়ীভাবে ‘সংরক্ষিত এলাকা’ হিসেবে ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পরীক্ষা চলাকালীন সিলেটের ২৯টি কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ ও মিছিলসহ সব ধরনের সভা নিষিদ্ধ করা হয়েছে। প্রতি কেন্দ্রে পরীক্ষার দিনে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

সিলেটের এইচএসসি পরীক্ষাকেন্দ্রগুলো হচ্ছে- সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, সিলেট মঈনুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট মদন মোহন কলেজ, সিলেট ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, শাহ খুররম ডিগ্রি কলেজ, মঈন উদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, সিলেট সোনাতলা সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা, সিলেট আম্বরখানা গালর্স উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, সিলেট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, দক্ষিণ সুরমা সরকারি কলেজ, রেবতী রমন উচ্চ বিদ্যালয়, শাহপরাণ সরকারি কলেজ, দক্ষিণ সুরমার ইছরাব আলী হাইস্কুল অ্যান্ড কলেজ, দক্ষিণ সুরমার নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজ, দক্ষিণ সুরমার কুচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সুরমার মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজ, দক্ষিণ সুরমার জালালপুর ডিগ্রি কলেজ, সিলেট সরকারি কলেজ, হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়, এমসি কলেজ, দক্ষিণ সুরমার আলমপুরস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জালালিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও জালালপুর উচ্চ বিদ্যালয়।