বৈশাখের কাঠফাটা রোদের মধ্যে সুনামগঞ্জের হাওরের ধান কাটতে কৃষকদের উৎসাহ দিতে সরকারের দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী ধান কেটেছেন। বুধবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় শহরের সার্কিট হাউজ থেকে কৃষি মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের গাড়ি বহর নিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পানি সম্পদ উপমন্ত্রী সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওর তীরবর্তী আস্তমা গ্রামের এক কৃষকের জমিতে যান।
সঙ্গে ছিলেন কৃষি ও পানিসম্পদ মন্ত্রণালয় ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। সেখানে গিয়ে মন্ত্রী ত্রয় ধান কাটার রিপার কম্বাইন্ড হারভেস্টার ড্রাম সিডারসহ আধুনিক প্রযুক্তির মেশিনারিজের কাজ করার প্রক্রিয়া ঘুরে দেখেন। এ সময় তারা স্থানীয় কৃষকদের সঙ্গে কৃষি প্রযুক্তি ও মেশিনারিজ তাদের কতটা উপকারে লাগছে এর খোঁজ খবর নেন।
কৃষকরা জানান, খামার যান্ত্রিকি করার ফলে তারা সাশ্রয়ী দরে ধান কাটা ও মাড়ার কাজ করতে পারছেন। আগে তাদের ধান কাটা ও মাড়াইয়ে অনেক দিন সময় লাগতো এবং পরিশ্রম বেশি হতো। এখন কম সময়ে ধান কাটা মাড়া যায়। ধান শুকানো ছাড়া বাকি সব কাজ তারা মেশিনের মাধ্যমে করে থাকেন।
মন্ত্রীরা ২০ মিনিট খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থেকে কম্বাইন্ড হারভেস্টারে ধান কাটা ও মাড়াই প্রক্রিয়া দেখেন। কৃষকদের প্রচলিত তালপাতার গোল ছাতা মাথায় দিয়ে গলায় গামছা পরে কাস্তে হাতে ধান কাটেন। পরে কম্বাইন্ড হারভেস্টার চড়ে কৃষিমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী ও পানি সম্পদ উপমন্ত্রী ধান কাটার কলাকৌশল দেখেন। ধান কাটা শেষে পাকা ধান হাতের মুঠো নিয়ে ছবি তোলেন। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মন্ত্রীদের হাওরে স্বাগত জানান।
করতালির মাধ্যমে কৃষকদের ধান কাটতে উৎসাহ দেন। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান পাঞ্জাবি ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম মুজিব কোট ও পাঞ্জাবি পরে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ ছাড়া কৃষিমন্ত্রী শার্ট ও প্যান্ট পরে ধান কাটায় যোগদান করেন। গলায় গামছা ঝুলিয়ে ও মাথায় গোল ছাতা পরে দুটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা ধান কাটায় উপস্থিত ছিলেন। পরে মন্ত্রীরা কৃষকদের কাছে বেশ কয়কটি নতুন কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন। ধান কাটা অনুষ্ঠানকে কেন্দ্র করে আস্তমা গ্রামের মাঠে উৎসবের আমেজ বিরাজ করে। এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই অনুষ্ঠান দেখতে ও উপভোগ করতে আসেন। অনুষ্ঠানস্থলে বিভিন্ন বেসরকারি কোম্পানি তাদের নিজ নিজ ব্রান্ডের কম্বাইন্ড হারভেস্টার, রিপার ড্রাম সিডারসহ আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী করে।