সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ১৯০টি ভোটকেন্দ্রে বুধবার (২১ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এই সিটিতে মেয়র পদে আট জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে, সকাল ৮টায় আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী সপরিবারের ৮ নম্বর ওয়ার্ডের পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ভোট দেবেন। এরপর তিনি নগরের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে করবেন। এ ছাড়া জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের মেয়রপ্রার্থী নজরুল ইসলাম বাবুল সকাল ৯টায় সপরিবারে সুবিদবাজার আনন্দ নিকেতন স্কুলে গিয়ে ভোট দেবেন।
আওয়ামী লীগের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, ভোটের দিন প্রতিটি কেন্দ্রে যাতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করা হয় সেই পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নগরবাসী এবং দলীয় নেতাকর্মীর প্রতি। বিশেষ প্রয়োজনে মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনি এজেন্ট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরীর নাদেলের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। কেউ যাতে ভোটকেন্দ্রের বাইরের বা ভেতরের পরিবেশ নষ্ট করার সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী।
জানা গেছে, সিলেট সিটির নির্বাচনে মেয়র পদে আট, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৮৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মেয়র পদের জন্য আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।
এদিকে, সব কেন্দ্রেই থাকছে সিসি ক্যামেরা। ১৯০টি ভোট কেন্দ্রের বাইরে থাকবে দুটি ক্যামেরা। ১৩৬৭টি ভোটকেন্দ্রে ক্যামেরা বসেছে। সবমিলিয়ে মোট সিসি ক্যামেরার সংখ্যা ১৭৪৭টি। এসব তদারকি করা হবে ইসির প্রধান কার্যালয় থেকে। এবার মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩। এর মধ্যে পুরুষ দুই লাখ ৫৪ হাজার ৩৬০ এবং নারী দুই লাখ ৩৩ হাজার ৩৮৭।